২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন দল পাবে কত?
অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। দল সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে টুর্নামেন্টের প্রাইজমানিতেও এসেছে বড় পরিবর্তন। আগের আসরের তুলনায় ৫০ শতাংশ বাড়িয়ে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৯৯ কোটি টাকা।
ফিফার ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে সর্বোচ্চ ৫ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১০ কোটি ৬০ লাখ। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৩ কোটি টাকা)। তুলনামূলকভাবে ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার এবং রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার।
এর আগে, কাতার বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। ২০২৬ আসরে তা বাড়ানো হয়েছে আরও ২১ কোটি ৫০ লাখ ডলার। শুধু চ্যাম্পিয়নই নয়, রানার্সআপ ও অন্যান্য অবস্থান পাওয়া দলগুলোর পুরস্কারও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করলেই প্রতিটি দল কমপক্ষে ১ কোটি ৫ লাখ ডলার পাবে। গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ ৯০ লাখ ডলার, সঙ্গে প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে অতিরিক্ত ১৫ লাখ ডলার দেওয়া হবে।
রাউন্ডভিত্তিক পুরস্কারের হিসাব অনুযায়ী-
রাউন্ড অব ৩২-এ উঠলে ১ কোটি ১০ লাখ ডলার, শেষ ষোলোতে উঠলে ১ কোটি ৫০ লাখ ডলার, কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৯০ লাখ ডলার, সেমিফাইনালে হেরে তৃতীয় হলে ২ কোটি ৯০ লাখ ডলার, চতুর্থ হলে ২ কোটি ৭০ লাখ ডলার
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি ভেন্যুতে। মোট ১০৪টি ম্যাচ নিয়ে টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন, শেষ হবে ১৯ জুলাই। ইতোমধ্যে ৪২টি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, বাকি ৬টি দল প্লে-অফের মাধ্যমে চূড়ান্ত হবে।
