৩ বিভাগে বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

মাঘের বিদায়লগ্নে তাপমাত্রা আবারও বেড়ে কমেছে শীতের অনুভূতি। তবে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত দাপটে রয়েছে কুয়াশা। এই অবস্থার মধ্যেই দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৩ দিন দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পরদিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) একই সময় পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এই আবহাওয়াবিদ জানান, বৃহস্পতিবার শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

এছাড়া আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানীতে সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights