৩০ ঘণ্টা পর নদীতে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আপন দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা মোগলহাট বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, রবিবার (৭ জুন) দুপুরে শাওন, সাব্বির ও তাদের এক বন্ধু মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা নদীর তীব্র স্রোতে ভেসে যেতে শুরু করে। এ সময় তাদের সঙ্গে থাকা বন্ধু কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং রংপুর থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ প্রায় ৩০ ঘণ্টার নিরলস অনুসন্ধানের পর সোমবার রাতে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, আপন দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে মোগলহাট এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights