৩৫১ কোটি টাকা সমমূল্যের মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি হুথিদের

আমেরিকার একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার এই তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এমকিউ-৯ ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর হুথিরা এই তথ্য জানায়।

তাদের দাবি, মার্কিন ড্রোনটি ভূপাতিত করেছে হুথি বিদ্রোহীরাই।
তবে আমেরিকার সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

এর আগেও এ ধরনের মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছিল হুথিরা। যদি আজকের দাবিটি সত্যি হয় তাহলে হুথিদের হামলায় আরেকটি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র।

এমকিউ-৯ মডেলের এই ড্রোনটির মূল্য ৩ কোটি ডলার, যা বাংলাদেশি অর্থে ৩৫১ কোটি টাকারও বেশি।

এই ড্রোন ৫০ হাজার ফিট উপরে এবং একটানা ২৪ ঘণ্টা উড়তে পারে।

হুথিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছেন, তাদের যোদ্ধারা বৃহস্পতিবার ড্রোনটি ভূপাতিত করে। এটি ভূপাতিতে ব্যবহার করা হয় সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র। এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

হুথি মুখপাত্র আরও জানান, ড্রোনটি ইয়েমেনের মারিব প্রদেশে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ চালাচ্ছিল। মারিব প্রদেশটি এখনও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের অধীনে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে যে ভিডিওটি প্রকাশ হয়েছে সেটিতে এমকিউ-৯ ড্রোনের যন্ত্রাংশের সাদৃশ্যতা পাওয়া গেছে।

২০১৪ সালে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। ওই সময় থেকে এখন পর্যন্ত বিদ্রোহীদের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি ড্রোন ধ্বংস হয়েছে। সূত্র: এপি, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights