৪ বছর ধরে রমেকের হিমঘরে ভারতীয় নাগরিকের মরদেহ, মেলেনি স্বজনদের সাড়া
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের হিমঘরে চার বছরের বেশি সময় ধরে ভারতীয় নাগরিক প্রবীর মন্ডল (৪১) নামে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। আইনি জটিলতা ও পরিবারের মরদেহ গ্রহণে অনীহার কারণে দীর্ঘদিন ধরে সেটি হিমঘরে সংরক্ষণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নিমচা মৈত্রি স্ট্রিট, এম আলম বাজার এলাকার বাসিন্দা মহাদেব মন্ডলের ছেলে প্রবীর মন্ডল ২০১৮ সালের ১৬ মার্চ বাংলাদেশে আসেন। তিনি ঢাকায় অবস্থান করে ছোটখাটো ব্যবসা করতেন। এ সময় তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়।
পরে তিনি পাটগ্রাম পৌর এলাকার ব্যাংককান্দা এলাকায় পরিচিত এক নারীর সঙ্গে বসবাস শুরু করেন। ২০২২ সালের ৮ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়, যা এখনো সেখানেই রয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, প্রবীর মন্ডলের পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা মরদেহ নিতে আগ্রহ দেখায়নি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সিদ্ধান্ত এলে মরদেহের সৎকারের ব্যবস্থা করা হবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুলাল বসুনিয়া বলেন, মরদেহটি এখনো হিমঘরে সংরক্ষিত রয়েছে। সৎকারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
