৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

প্রথম ম্যাচ যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন ডেওয়াল্ড ব্রেভিস। আবারও তিনি করলেন একই স্কোর। তবে আগের ম্যাচে কাজ শেষ করে আসতে পারেননি, হেরে যায় দল, এবার দলের জয় সঙ্গী করেই মাঠ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী এই ব্যাটসম্যান।

ডুয়ান ইয়ানসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ডেওয়াল্ড ব্রেভিসের বিধ্বংসী অপরাজিত অর্ধশতকে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে নামিবিয়ার ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে এই দাপুটে জয় তুলে নেয় প্রোটিয়ারা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি জিম্বাবুয়ে।

ব্রায়ান বেনেট ও বেন কারানের ব্যাটে অবশ্য শুভ সূচনা পেয়েছিল জিম্বাবুয়ে। প্রথম উইকেটে ৪৫ রানের জুটি গড়ার পর ১২ বলে ২৪ রান করে কারান সাজঘরে ফেরেন। এক প্রান্ত আগলে রাখা বেনেট ৩৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন। শেষ দিকে তাদিওয়ানাশে মারুমানির ১৫ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে লড়াকু পুঁজি পায় দলটি।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ডুয়ান ইয়ানসেন, ৪৫ রান খরচায় তিনি তুলে নেন ৩টি উইকেট। এছাড়া প্রেনেলান সুব্রায়েন ২টি এবং এথান বোশ, কুয়েনা মাফাকা ও অধিনায়ক বিয়র্ন ফোরটুইন ১টি করে উইকেট শিকার করেন।১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং উপহার দেয় দক্ষিণ আফ্রিকা। ফলে মাত্র ১৪ ওভারেই (৩৮ বল হাতে রেখে) ৩ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত জয়ে পৌঁছে যায় তারা।

সহজ এই রান তাড়ায় মূল ভূমিকা রাখেন ‘বেবি এবি’ খ্যাত ব্রেভিস। এটি চলতি সিরিজে তার টানা দ্বিতীয় অর্ধশতক। চার নম্বরে নেমে পুরো ইনিংসের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি।মাত্র ৩২ বলে ৭টি চার ও ৬টি সুবিশাল ছক্কায় ৭৫ রানের এক ঝড়ো অপরাজিত ইনিংস খেলেন ব্রেভিস। ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ২২ ও টনি ডি জর্জি ১৫ রান করে তাকে সঙ্গ দেন। রুবিন হারমান অপরাজিত ছিলেন ১১ রানে।

এই দাপুটে জয়ের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক নামিবিয়াকে টপকে রানরেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠে এল প্রোটিয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights