৬০ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১টায় উপজেলার ইটালী ইউনিয়নে নানা (মায়ের মামা) আলাল হোসেন (৬০) তাকে ধর্ষণ করেছে বলে জানা গেছে।

বর্তমানে শিশুটি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার পর আলাল হোসেনকে গণধোলাই দেন স্থানীয়রা। পরে তার গ্রেফতার দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন এলাকাবাসী। অভিযুক্ত আলাল হোসেন বাঁশবাড়িয়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটি বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে তার বাবার দোকানে কাঁচা সবজি-তরকারি আনতে যায়। এসময় আলাল হোসেন তাকে সিগারেট আনতে দেন। পরে বাজার থেকে ফেরার পথে সিগারেট নিয়ে তাকে দিতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন আলাল হোসেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আলালকে পিটুনি দেয় শিশুটির পরিবার ও এলাকাবাসী। এদিকে ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনা জানার পরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্ত ব্যক্তিও হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights