৭ বছরের নন্দিনীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মঙ্গলবার সকালে ভুট্টা খেত থেকে বস্তাবন্দি অবস্থায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রানীর (৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়েছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের লোকজন ও স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহত শিশু নন্দিনী রানী ফলিমারী গ্রামের কৃষক নলিনী বর্মণের মেয়ে। শিশুটি স্থানীয় ব্র্যাক প্রাক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মতো শিশুটি খেলাধুলার জন্য সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। সে সন্ধ্যা পযর্ন্ত বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন এদিক সেদিক খুঁজতে থাকে। প্রায় সারা রাতজুড়ে বিভিন্ন স্থানে শিশুটির সন্ধান করে পরিবারের লোকজন। কিন্তু কোথাও শিশুটির সন্ধান মিলেনি।

মঙ্গলবার (১৬ জুন) সকালে স্থানীয় লোকজন গ্রামের জাবেদ আলীর ভুট্টা গাছ ভাঙ্গা দেখতে পেয়ে সন্দেহ হয়। তারা ভুট্টা খেতের ভেতরে গিয়ে গর্ত দেখতে পায়। গর্তের মধ্যে শিশুটির মরদেহ বস্তাবন্দি করে মাটিচাপা দেওয়া হয়েছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

পরিবারের লোকজন ও স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে ধরে নিয়ে গিয়ে ভুট্টাখেতে ধর্ষণ করা হয়। পরে শিশুটিকে হত্যা করে মরদেহটি বস্তাবন্দি করে ভুট্টাখেতের ভেতর গর্ত করে পুতে রাখা হয়। শিশু ধর্ষণ ও হত্যাকারী দূরের কেউ নয়। গ্রামের কোন দুষ্ট মানুষ এই অপরাধ সংঘটিত করেছে।

শিশুটির বাবা নলিনী বর্মণ জানান,’ আমার সাথে গ্রামে কারও কোন দ্বন্দ নেই। আমি একজন কৃষক। খুব সাধারন জীবনযাপন করি। সোমবার দুপুরেও আমি মেয়েকে সাথে নিয়ে দুপুরের আহার করেছিলাম।’ ‘আমার ছোট মেয়েটিকে জোরপুর্বক ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

শিশুটির মা সাবিত্রী রানী বলেন,’ নন্দিনী প্রতিদিন বিকেলে বাড়ির বাইরে খেলতে যেতো। সোমবারে বিকেলেও খেলতে গিয়েছিল। বাড়ির পাশে বেশ কয়েকটি ভুট্টা খেত রয়েছে। হয়তো আমার মেয়েকে প্রলোভন দেখিয়ে অথবা জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ভুট্টাখেতে আটকে রেখে তার সাথে পৈশাচিক আচরণ করার পর হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পুলিশ সুপারও ঘটনাস্থলে ছুটে আসেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights