৭৩ দিন পর আন্দোলনে নিহত বিশালের লাশ কবর থেকে উত্তোলন

জয়পুরহাট প্রতিনিধি

আন্দোলনে নিহত হওয়ার ৭৩ দিন পর কবর থেকে তোলা হলো বিশাল সরকারের লাশ। বিশাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগষ্ট জয়পুরহাটে নিহত হয়েছিলেন। আজ দুপুরে পাঁচবিবি উপজেলার রতনপুর সরকার পাড়া গ্রামের কবর থেকে তাঁর মরদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, হত্যার দিন অর্থাৎ ৪ আগস্ট বিশাল বন্ধুদের সাথে শহরের পাঁচুর মোড়ে মিছিল ও বিক্ষোভে অংশ নেন এসময় সে গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার দিনই দ্রুত ময়না তদন্ত ছাড়া বিশালের লাশ দাফন করা হয়।

পরে বিশালের বাবা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ তোলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ শাহ আলম শোভন, জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম, বিশালের বাবা মজিদুল সরকারসহ স্থানীয়রা।

দীর্ঘদিন পর কবর থেকে লাশ উত্তোলন করলেও বিশালের বাবাসহ স্থানীয়রা বিশাল হত্যার সুষ্ঠু বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights