৮২ বছর বয়সে রাণী হামিদের আরও এক অনন্য শিরোপা

অনলাইন ডেস্ক

বাংলাদেশের দাবা ইতিহাসে জীবন্ত কিংবদন্তি রাণী হামিদ আবারও প্রমাণ করলেন বয়স কেবলই একটি সংখ্যা। ৮২ বছর বয়সেও প্রতিযোগিতামূলক দাবায় দাপট দেখিয়ে মহিলা দাবা লিগে শিরোপা জিতেছেন তিনি।

গতকাল অনুষ্ঠিত মহিলা দাবা লিগে রাণী হামিদের নেতৃত্বে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। আনসারের হয়ে খেলেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।

৮২ বছর বয়সে লিগ দাবায় নিয়মিত খেলা এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া সহজ নয়। তবে রাণী হামিদের কাছে বিষয়টি স্বাভাবিকই। তিনি বলেন,‘আমি চারটি ম্যাচ খেলেছি। দলের সবাই ভালো খেলেছে বলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গত আসরেও পুলিশের হয়ে খেলেই শিরোপা জিতেছিলাম।’

খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে তার দৃঢ়তা আরও স্পষ্ট,‘আমি নিয়মিতই খেলি। শরীর আর মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা নেই। ফেব্রুয়ারিতে ৮৩ বছরে পা দেব। যত দিন সুস্থ থাকব, তত দিন খেলব।’

লিগে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি চ্যাম্পিয়ন হয়। সমান পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত রানার্স–আপ হলেও গেম পয়েন্টে পিছিয়ে পড়ে শিরোপা হাতছাড়া করে। আনসার ও ভিডিপি সংগ্রহ করে ২৪ গেম পয়েন্ট, আর নৌবাহিনীর গেম পয়েন্ট ছিল ২২.৫।

নৌবাহিনীর পক্ষে খেলেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights