৮২ বছর বয়সেও নারী চ্যাম্পিয়ন রাণী হামিদ

ক্রীড়া প্রতিবেদক

৮২ বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন বাংলাদেশের দাবার কিংবদন্তি রাণী হামিদ। তাঁর অসামান্য নেতৃত্বে ২০২৬ সালের মহিলা দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। বৃহস্পতিবার রাজধানীর দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত লিগের শেষ রাউন্ডে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবকে ৪-০ গেম পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে আনসার। আসরে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে দলটি। সমান ১৩ পয়েন্ট পেয়েও গেম পয়েন্টে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী। আনসারের গেম পয়েন্ট ছিল ২৪, আর নৌবাহিনীর ২২.৫। তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ পুলিশ (১০ পয়েন্ট)।

৮২ বছরে আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ এ টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলেছেন, যার সবকটিতেই তিনি অপরাজিত ছিলেন। শিরোপা জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যত দিন সুস্থ থাকব, খেলব। দলের সবাই ভালো খেলায় আমরা এ সাফল্য পেয়েছি।’ আনসার দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন নুশরাত জাহান আলো, শারমীন সুলতানা শিরিন, জান্নাতুল ফেরদৌস, নীলাভা চৌধুরী ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights