৯৬ দেশের প্রত্যাখ্যানের পরও সিদ্ধান্তে অনড় ফিফা
অনলাইন ডেস্ক
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা বিশ্বকাপের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়ে বিতর্কের মুখে পড়েছে। তীব্র সমালোচনার জবাবে সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ক আলোচনা বা পরামর্শ প্রক্রিয়া অব্যাহত রাখার পরিকল্পনা করছে তারা।
ফিফার প্রস্তাবে বিপরীতে প্রথমে বেঁকে বসে ইউরোপীয় ফুটবলের ৫৫টি সদস্য সংস্থা (উয়েফা)। পরবর্তীতে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ জানিয়েছে, তাদের ৪১টি সদস্য সংস্থাও এই পরিকল্পনা ‘প্রত্যাখ্যান’ করেছে।
শুক্রবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিফা বলেছে, “সংবাদমাধ্যমের ভুল প্রতিবেদনের কারণে আমাদের পূর্বপরিকল্পিত আলোচনা প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। প্রতিটি সদস্য সংস্থা যেন তথ্যের ভিত্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতেই আমরা এই আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাব।”
একই সঙ্গে সংস্থাটি জোর দিয়ে দাবি করেছে, “কেউ ফুটবল বিক্রি করছে না।”
ফিফা মূলত তাদের একটি নতুন বাণিজ্যিক অঙ্গসংগঠন তৈরি করতে চায়, যা পুরুষ ও নারী বিশ্বকাপসহ প্রধান প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনা করবে। এই প্রতিষ্ঠানেই শেয়ার কেনার সুযোগ পাবেন বাইরের বিনিয়োগকারীরা।
এই প্রস্তাব পাস হতে ফিফার ২১১টি সদস্য সংস্থার ভোটের প্রয়োজন হবে। আর প্রস্তাব অনুমোদনের জন্য ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পক্ষে অন্তত ১০৬টি ভোটের প্রয়োজন। তবে উয়েফা ও কনকাকাফ মিলিয়ে সদস্য সংখ্যা দাঁড়ায় ৯৬টিতে। যারা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে তৈরি বলে মনে হচ্ছে।
ফিফা আরও জানিয়েছে, “আমরা প্রকাশ্যে আসা ফিডব্যাক ও উদ্বেগের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক আলোচনার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।”
বিবৃতিতে আরও বলা হয়, “এফএফই এর প্রস্তাবটি কেবল এটি নিশ্চিত করার জন্যই আনা হয়েছে যেন ফিফার সমস্ত সদস্য সংস্থা তাদের নিজ নিজ দেশে ফুটবলের বাণিজ্যিক সুযোগের অর্থপূর্ণ অংশীদার হতে পারে। একই সঙ্গে এটি যেন ফিফা বা ফুটবলের নিজস্ব মূল্যবোধ ও পরিচালনা প্রক্রিয়ার কোনো ক্ষতি না করে, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।”
