অগ্নিকাণ্ডে নিহত দুইজনের ভোলার বাড়িতে চলছে শোকের মাতম

ভোলা প্রতিনিধি
ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত নয়ন ও জুনাইদের বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানকে হারিয়ে বার বার কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা।

নিহত নয়নের বাড়ি ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামে। তিনি দিনমজুর সিরাজ উদ্দিনের ছেলে এবং দুর্ঘটনাকবলিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে হোটেল বয় হিসেবে চাকরি করতেন।

অন্যদিকে, জুনাইদ শহরের পৌর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইনুল হক হারুনের ছেলে। তিনি ঢাকার একটি ‘ল’ কলেজের শিক্ষার্থী ছিলেন।
নিহত নয়নের পরিবার জানায়, পাঁচদিন আগে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে ঢাকা গিয়েছিলেন তিনি। তিনদিন আগে চাকরিও পেয়েছেন সেই রেস্টুরেন্টে। তবে ভাগ্যের নির্মমতা তাকে প্রাণ হারাতে হয়েছে।

নয়নের মা নাজমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে ফোনে জানিয়েছে ঈদের ছুটিতে বাড়িতে আসবে। কিন্তু তার তো আর ফেরা হলো না।

নয়নের পরিবারটি খুবই দরিদ্র। কাজের টানে ঢাকা গিয়ে প্রাণ হারাতে হলো। নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে অভাবের কারণে আর পড়া হয়নি। বাধ্য হয়েই ঢাকায় গিয়ে কাজ শুরু করে।

অন্যদিকে, একই অগ্নিকাণ্ডে ভোলার আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা হলেন দোলা ও মাহী। তাদের বাড়ি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গুপ্তগঞ্জ বাজারে। তারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights