অপারেশন সিঁদুরের প্রথম দিনেই ভারত পরাজিত হয়েছিল : কংগ্রেস নেতা

অনলাইন ডেস্ক
চলতি বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রথম দিনেই ভারত পরাজিত হয়েছিল বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও দেশটির বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পৃথ্বীরাজ চৌহান। তিনি বলেছেন, অপারেশন সিঁদুরের প্রথম দিনেই ভারত পরাজিত হয়েছিল এবং চার দিনের এই সংঘাতে পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমানও ভূপাতিত হয়েছিল।

পুনেতে এক সংবাদ সম্মেলনে পৃথ্বীরাজ চৌহান এ মন্তব্য করেন। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পৃথ্বীরাজ চৌহানের এই মন্তব্যকে ঘিরে ভারতের সামরিক সক্ষমতা ও সাম্প্রতিক সংঘাত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের হাতে ভূপাতিত হওয়ার আশঙ্কায় ভারতীয় বিমান বাহিনী কার্যত পুরোপুরি গ্রাউন্ডেড হয়ে পড়েছিল।

পৃথ্বীরাজ চৌহান বলেন, অপারেশন সিঁদুরের প্রথম দিনেই আমরা পুরোপুরি পরাজিত হই। ৭ তারিখে যে আধা ঘণ্টার আকাশযুদ্ধ হয়েছিল, তাতে আমরা সম্পূর্ণভাবে হেরে গিয়েছি— মানুষ তা মানুক বা না মানুক। ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে। বিমান বাহিনী পুরোপুরি গ্রাউন্ডেড হয়ে পড়েছিল, একটি বিমানও উড়েনি। গোয়ালিয়র, বাথিন্ডা বা সিরসা থেকে যদি কোনও যুদ্ধবিমান উড়ত, তাহলে পাকিস্তানের হাতে ভূপাতিত হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। এ কারণেই ভারতীয় বিমান বাহিনীকে সম্পূর্ণভাবে মাটিতে বসিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, ভবিষ্যতের যুদ্ধ হবে মূলত আকাশে, তাই বিশাল স্থলবাহিনী রাখার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা উচিত।

চৌহান বলেন, ‘সম্প্রতি অপারেশন সিঁদুরে আমরা দেখেছি, সেনাবাহিনী এক কিলোমিটারও অগ্রসর হয়নি। দুই-তিন দিনে যা ঘটেছে, তা ছিল পুরোপুরি আকাশযুদ্ধ ও ক্ষেপণাস্ত্র যুদ্ধ। ভবিষ্যতেও যুদ্ধ এভাবেই হবে। এমন পরিস্থিতিতে ১২ লাখ সেনার বিশাল বাহিনী রাখার আদৌ প্রয়োজন আছে কি না, নাকি তাদের অন্য কোনও কাজে লাগানো যায়— সে প্রশ্ন ওঠে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights