অবশেষে সিলেট চেম্বারে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অবশেষে ব্যবসায়ীদের ৪ দিনের আল্টিমেটামের মুখে ২০২৪-২৫ সালের কমিটি বিলুপ্ত করে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে সিলেট চেম্বারের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে রবিবার (৮ ডিসেম্বর) সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২০২৪-২৫ সালের কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে ৪ দিনের আল্টিমেটাম দেন সিলেটের ব্যবসায়ীরা। আল্টিমেটামের দুদিনের মাথায় চেম্বারে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় এ সত্যতা নিশ্চিত করেছেন সিলেট চেম্বারের সচিব গোলাম আখতার ফারুক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটিকে ‘বিনা ভোটের কমিটি’ আখ্যায়িত করে বেশ কয়েক দিন ধরে প্রশাসকের মাধ্যমে নির্বাচন দাবি করেছেন ব্যবসায়ীরা। গত রবিবার দুপুরে চেম্বার ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সিলেটের ব্যবসায়ীরা।

এই কর্মসূচিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তারা। দাবি না মানা হলে ব্যবসায়ীরা বৃহস্পতিবার কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন। তবে আল্টিমেটামের দুদিনের মাথায় প্রশাসক দেওয়া হলো সিলেট চেম্বারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights