আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা; জামিনে বেরিয়ে কৃষকদল নেতার উপর হামলা

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা করায় জামিনে বেরিয়ে এসে মামলার বাদীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

সোমবার মেলান্দহ উপজেলার মালঞ্চ নতুন বাজারে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নানের উপর এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগষ্ট সরকার পতনের পূর্বে আওয়ামী লীগের সকল নাশকতা ও বিএনপি নেতাকর্মীদের উপর হামলার বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর মেলান্দহ থানায় একটি মামলা হয়। মেলান্দহ উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। ওই মামলার আসামিরা গত ২৭ অক্টোবর আদালত থেকে জামিনে এসে মামলার বাদী আব্দুল মান্নানকে হত্যার পরিকল্পনা করে এবং সন্ধ্যার পর বাজারে এসে দলবদ্ধ হয়ে মালঞ্চ বাজারে খোঁজাখুঁজি করে না পেয়ে চলে যায়। সোমবার সকালে বিএনপির লিফলেট বিতরণ করতে আব্দুল মান্নান মালঞ্চ বাজারে আসলে আওয়ামী লীগ নেতা মজিবর, সুমন, জাহাঙ্গীর ও ইন্তেজ আলীসহ ২০ থেকে ২৫ জনের একটি দল হামলা করে আব্দুল মান্নানকে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে বিএনপির লোকজন এসে মান্নানকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে জানতে অভিযুক্ত মজিবরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights