আগামীতে আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে মানুষ

কুমিল্লা প্রতিনিধি
খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বিবেকবান মানুষ চিন্তা করলে দেখবেন জুলাই-আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন- আগামী এক শ বছরেও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে।

গতকাল বিকালে কুমিল্লা টাউন হল মাঠে খেলাফত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক আরও বলেন, জুলাই আন্দোলনের খুনের ঘটনায় শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত- তাকে এ দায় নিতে হবে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের রাজনীতি। তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে। তিনি বলেন, মসনদ টিকবে না জেনেই শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছেন। দলের নেতা-কর্মীদের কথা চিন্তা করেন নাই- তিনি চিন্তা করেছেন শুধু তার পরিবারের কথা। নিজের ছেলে মেয়ে ও পরিবারের লোকজনদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন।

খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights