আটক সেই ইসরায়েলি জাহাজ পরিদর্শন করলেন ইয়েমেনি নৌ প্রধান

অনলাইন ডেস্ক

লোহিত সাগর থেকে আটক ইসরায়েলি জাহাজটি পরিদর্শন করেছেন ইয়েমেনের নৌবাহিনীর প্রধান। তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন সামরিক কমান্ডার। ইয়েমেনের নৌবাহিনী প্রধান জাহাজটির সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং জাহাজ আটকের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি বলেন, “ইয়েমেনের প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ’র প্রধান নেতা আব্দুল মালিক বদর উদ্দিন লোহিত সাগরে ইসরায়েলি জাহাজকে টার্গেট করার হুমকি দেওয়ার পাঁচ দিনের মধ্যে জাহাজটি আটক করা হয়। ইয়েমেনের সামরিক বাহিনী জাহাজটি আটক করে ইয়েমেনের বন্দরে নিয়ে এসেছে।”

জাহাজটি পরিদর্শনের যে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে, জাহাজে ফিলিস্তিনের পতাকা উড়ানো হয়েছে।
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত রবিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর থেকে ৫২ জন ক্রুসহ একটি ইসরায়েলি জাহাজ আটক করে। ‘গ্যালাক্সি লিডার’ নামক আটক জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন বলে ইহুদিবাদী কর্তৃপক্ষ স্বীকার করেছে।

এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছিলেন, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলি কোনো কোম্পানির ব্যবহৃত অথবা ইসরায়েলি পতাকাবাহী যেকোনো জাহাজে হামলা চালানো হবে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে তারা এ কাজ করবেন বলে সারি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো থেকে নিজেদের ক্রুদের প্রত্যাহার করে নেওয়ার জন্য বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানান। সূত্র: পার্সটুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights