আদমদীঘিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার আদমদীঘিতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সান্তাহার পৌরসভার বশিপুর আদর্শপাড়া এলাকার কৃষক দেলোয়ার হোসেনের দুই বিঘা জমির ধান কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন রিটন। সঙ্গে ছিলেন ছাত্রলীগ নেতা মিজান, নিরব, রাহাদ, রিহাব, আশিক, ইমরান প্রমুখ।
ছাত্রলীগ নেতারা জানান, মাঠে জমির ধান পেকে আছে, অথচ কৃষক দেলোয়ার শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় যায়। সেখানে কৃষক দেলোয়ারের সাথে কথা বলে তার খণ্ড, খণ্ড প্রায় দুই বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। এতে খুশি কৃষক দেলোয়ার হোসেন।
কৃষক দেলোয়ার হোসেন বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ্ আল মামুন রিটন বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ রয়েছে দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার। এ কারণে জেলা ছাত্রলীগ অসহায় কৃষকের পাশে দাঁড়াতে আমাদের নির্দেশ দেন। সেই অনুযায়ী আমরা কৃষক দেলোয়ারের ধান কেটে দিয়েছি। এতে ওই কৃষকের সম্মতি ছিল। তিনি আমাদের কাজে খুশি হয়েছেন, এতেই আমাদের তৃপ্তি।
