আদমদীঘিতে শ্রমিক দলের পরিচ্ছন্নতা অভিযান: উদ্বোধন করলেন এমপি মহিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মহিত তালুকদার এ কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সামনে বর্ষা মৌসুম আসছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সব জায়গা পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন আদমদীঘি ও দুপচাঁচিয়া গড়তে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কার্যক্রম চলবে।

এমপি মহিত আরো বলেন, অল্প সময়ের মধ্যেই আদমদীঘি সদর এলাকার দেড়-দুই কিলোমিটারের ড্রেনটি পরিষ্কার করা হবে। পরবর্তী সময়েও এসব এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে এলাকায় প্রচুর পরিমাণে গাছ রোপণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights