আমতলীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হামের প্রাদুর্ভাব নিয়ে সচেতনতামূলক সভা

অনলাইন ডেস্ক

বরগুনার আমতলী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হামের প্রাদুর্ভাব নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলার আলহেরা মদিনাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সভায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।

মাদরাসার কক্ষে আয়োজিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ বেলাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাফেজ মো. রিফাত হোসেন ও হাফেজ মোহাম্মদ মইনুদ্দিন, আমতলী উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. আল আমিন বাবু এবং সংগঠনের সদস্য নাজমুল আহসান, নয়ন দাস, এইচ.এম. রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা হাম রোগের ভয়াবহতা, এর লক্ষণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সময়মতো টিকা গ্রহণই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন তারা শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকাদান নিশ্চিত করেন এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে হামের বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী নিয়মিতভাবে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights