আমদানি ঋণে সুদের ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
আমদানি বাণিজ্যে আন্তর্জাতিক সুদের হারজনিত ঝুঁকি মোকাবিলায় ফরওয়ার্ড রেট অ্যাগ্রিমেন্ট (এফআরএ) চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরবরাহকারী ঋণ ও ক্রেতা ঋণ সুবিধার আওতায় ইউজেন্স আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি মুদ্রায় আমদানি ঋণগ্রহীতাদের সঙ্গে এ ধরনের চুক্তি করতে পারবে। এর উদ্দেশ্য আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক সুদের হার, বিশেষ করে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (এসওএফআর)-এর ওঠানামাজনিত ঝুঁকি থেকে আমদানিকারকদের সুরক্ষা দেওয়া। ফরওয়ার্ড রেট অ্যাগ্রিমেন্ট হলো এমন একটি আর্থিক চুক্তি, যার মাধ্যমে ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের জন্য সুদের হার আগেই নির্ধারণ করা যায়। এতে ভবিষ্যতে সুদের হার বেড়ে বা কমে যাওয়ার অনিশ্চয়তা থেকে সুরক্ষা পাওয়া যায়। আর ইউজেন্স আমদানি হলো এমন ব্যবস্থা, যেখানে পণ্য গ্রহণের পর নির্ধারিত সময় শেষে মূল্য পরিশোধ করা হয়। এসওএফআর হলো মার্কিন ডলারে এক দিনের জামানত-সমর্থিত ঋণের মানদণ্ডভিত্তিক সুদের হার। উদাহরণ হিসেবে, কোনো আমদানিকারক যদি ছয় মাসের জন্য এসওএফআর +৩ শতাংশ হারে ঋণ নেন, তাহলে পরবর্তী সময়ে এসওএফআর বৃদ্ধি পেলে তাঁর মোট সুদের ব্যয়ও বেড়ে যাবে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় এফআরএ কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এফআরএ কেবল প্রকৃত আমদানি লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি প্রশমনের উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে। কোনো ধরনের জল্পনামূলক লেনদেন বা অরক্ষিত অবস্থান নেওয়া যাবে না। চুক্তি নিষ্পত্তি হবে চুক্তিকৃত সুদের হার ও তখনকার প্রচলিত মানদণ্ডভিত্তিক সুদের হারের পার্থক্যের ভিত্তিতে।
