আমাকে অনেকে আওয়ামী লীগের এজেন্ট বলছেন: শওকত মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি

নির্বাচনের আগে এত ইউএনও ও ওসিকে কোনো নির্বাচন কমিশন বদলি করেনি। এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে। এমন নির্বাচন কমিশন আগে দেখিনি। এজন্যই আমি বলেছি এই নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করছে। সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক শওকত মাহমুদ। এ নির্বাচনে ঈগল প্রতীকে নির্বাচন করবেন তিনি।

শওকত মাহমুদ বলেন, আমাকে অনেকে আওয়ামী লীগের এজেন্ট বলছেন। যদি আওয়ামী লীগের সাথে আপস করে নির্বাচন করতাম, তাহলে আমার বিরুদ্ধে থাকা ৬২টি মামলা প্রত্যাহার করিয়ে নির্বাচনে আসতাম। এসব মিথ্যা প্রপাগান্ডা। তৃণমূলে আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। ভালো ভোট হলে আমিই জিতব। এ সময় শওকত মাহমুদ অভিযোগ করে বলেন, কুমিল্লা-৫ আসনে কালো টাকার ছড়াছড়ির খবর পেয়েছি। নির্বাচন কমিশনকে এ বিষয়টিতে নজর দেওয়ার অনুরোধ করব।
এদিকে ওই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপনও আরেক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ২০০ কোটি টাকা ছড়ানোর অভিযোগ তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights