ইউএনও’র হাতে সাবেক ভাইস চেয়ারম্যান লাঞ্ছিতের তদন্ত শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনের হাতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের লাঞ্ছিতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের এক সদস্যের তদন্ত কমিটি। শুক্রবার সকালে তদন্ত কমিটির প্রধান বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরেজমিনে ফকিরহাট গিয়ে তদন্ত কাজ শুরু করেন।

তদন্তের প্রথম দিনে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে বাগেরহাট-মাওয়া মহাসড়কে ফকিরহাটের কাঠালতলা মোড়ে ঘটনাস্থল পরির্দশন করে ইউএনও’র হাতে লাঞ্ছিত আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানসহ ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন।

এসময়ে লাঞ্ছিত শেখ মিজান বলেন, বুধবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে গরুর খামারে যাবার পথে কাঠালতলা মোড়ে পৌছান। এসময়ে ইউএনও’র গাড়িটি মহাসড়কে ব্যাকগিয়ার দিয়ে পিছনে আসলে তার মোটরসাইকেলে থাকা ফুলঝাড়ু ইউএনও’র গাড়িতে লাগে যায়। এমন সময় ইউএনও’র গাড়ির চালক বাদশা আলম ধমক দেয়। একপর্যায়ে ইউএনও গাড়ি থেকে নেমে লোকজনের সামনে গালিগালাজ করে আমাকে চড়িয়ে কান ফাটিয়ে দেয়। এরপর জোর করে তার সরকারি গাড়িতে তুলে পাইকপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নিয়ে যায়। এসময় আমাকে গাড়িতে অবরুদ্ধ করে রেখে ইউএনও একটি অনুষ্ঠানে যোগ দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ জড়ো হয়ে এর প্রতিবাদ করতে থাকে। প্রায় এক ঘণ্টা পরে ইউইএনও আমাকে ছেড়ে দেয়। ছেড়ে দেয়ার পর আহত অবস্থায় ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি হই। ইউএনও’র চড়ে ফেটে যাওয়া কান থেকে রক্তক্ষরণ না থামায় চিকিৎসকদের পরামর্শে ওইদিন সন্ধ্যায় স্বজনরা আমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী সাক্ষীরা এসময়ে তদন্ত কমিটির কাছে আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের দু’বারের সাবেক ভাইস চেয়ারম্যানকে ইউএনও’র হাতে লাঞ্ছিতের কথা জানান। এরপর ফকিরহাট উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনের শুনানি গ্রহণ করেন তদন্ত কমিটির প্রধান বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। তবে, তদন্তকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights