ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে সাইমা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সাইমা উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের শেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে।

সে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। রবিবার দুপুর দেড়টার দিকে শিবপুর আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাইমা ও তার সহপাঠী চাচাতো বোন মারিয়া টিফিনের সময় ঝালমুড়ি কিনে স্কুল থেকে ইজিবাইকে চড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তার গলায় থাকা ওড়না ইজিবাইকের মোটরের সঙ্গে প্যাঁচ লাগে। পরে গুরুতর আহত অবস্থায় ইজিবাইক চালক আশিক দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার এসআই আবুল কাসেম জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights