ইনশাল্লাহ, সাফ চ্যাম্পিয়ন হবো: হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলছেন হামজা চৌধুরী। টুর্নামেন্ট ঘিরে নিজের ও দলের লক্ষ্য জানাতে গিয়ে শিরোপা জয়ের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাঁর প্রত্যাশা, বাংলাদেশ এবার সাফ চ্যাম্পিয়ন হবে।

মঙ্গলবার অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। প্রথমত আমি ভীষণ রোমাঞ্চিত (দেশের হয়ে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ খেলা নিয়ে)। আমরা সবাই রোমাঞ্চিত। অবশ্যই সব ম্যাচই গুরুত্বপূর্ণ মোমেন্টাম ধরে রাখার জন্য। আমরা সব ম্যাচ জিততে চাই। আমরা জানি, আমাদের ওপর চাপ আছে (শিরোপা জয়ের), খুব চাপ আছে, ইনশাল্লাহ সাফ চ্যাম্পিয়ন হবো।’

তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পারি, পুরো দেশ চায় (আমরা চ্যাম্পিয়ন হই)। আমরা খুব আত্মবিশ্বাসী। আমরা সিঙ্গাপুরের সঙ্গে, হংকংয়ের সঙ্গে, ও অন্যান্য দলের সাথে ভালো করেছি। ভারতকে হারিয়েছি। আমরা দেখিয়েছি, এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা জানি, আমাদের সেই মান আছে; আমরা আরও ভালো খেলতে পারি। ইনশাল্লাহ এই পর্যায়ে ও টুর্নামেন্টে আমরা জিততে পারব।’

বুধবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা কোচ থমাস ডুলির দল ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের ধারা ধরে রাখতে চান হামজা।

ভুটানের বিপক্ষে জয়সূচক গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ৬৫ মিনিট পর্যন্ত। একের পর এক সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিলেন না ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত মোহাম্মদ ইব্রাহিমের গোলে জয় পায় বাংলাদেশ।

তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারা নিয়ে উদ্বিগ্ন নন হামজা। তাঁর মতে, দলের ফরোয়ার্ডদের গোল করার সামর্থ্য রয়েছে। সুযোগ তৈরির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে গোলও আসবে।

এ প্রসঙ্গে হামজা বলেন, ‘স্ট্রাইকার পজিশনের জন্য, গোল করার মতো খেলোয়াড় আমাদের আছে এবং আমরা খুবই আত্মবিশ্বাসী। স্রেফ আমাদের আরেকটু সময় নিয়ে, প্রস্তুতি নিতে হবে। ম্যাচ খেলতে হবে। আশা করি, আমরা আরও গোল করতে পারব; আরও ম্যাচ জিততে পারব।’

ভুটান ম্যাচে গোলের সুযোগ নষ্ট হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দুঃশ্চিন্তা নাই (ভুটান ম্যাচের গোল মিস নিয়ে)। দুঃশ্চিন্তা করতাম, যদি গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। আসলে আমরা সুযোগ তৈরি করেছি। আমি যেটা বলতে চাইছি, আমরা সুযোগ তৈরি করছি, ইনশাল্লাহ সেটাকে গোলে রূপ দিতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights