ইবিজায় ছুটিতে থাকাকালে বিশ্বকাপ দলে ডাক, আবেগে ভাসলেন আর্জেন্টাইন তারকা

অনলাইন ডেস্ক
২৯ বছর বয়সে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন ডিফেন্ডার মারকোস সেনেসি। লিওনার্দো বালের্দির ইনজুরির কারণে শেষ মুহূর্তে তাকে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যোগ দেওয়ার জন্য ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি। আর এতেই হচ্ছে সেনেসির বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ।

সবচেয়ে মজার বিষয় হলো জাতীয় দলে ডাক পাওয়ার সময় স্পেনের ইবিজায় ছুটি কাটাচ্ছিলেন সেনেসি। সেখানে তার গার্লফ্রেন্ডকে বাইরে ডিনার করতে যাওয়ার পূর্ব মূহুর্তেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তাকে ফোন করেন। তখন জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপে যোগ দেওয়ার কথা বলেন। সঙ্গে সঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়েন মার্কোস এবং উচ্ছ্বসিত হয়ে লাফাতে শুরু করেন।

ইবিজায় ছুটিতে থাকলেও সেনেসি ফিটনেস রুটিন বন্ধ করেননি। কারণ শেষ মুহূর্তে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল এবং নতুন ক্লাবের প্রি-সিজনও সামনে ছিল।

এর আগে ইউরোপে মৌসুম শেষ হওয়ার পর তিনি মায়ামিতে আর্জেন্টিনা দলের প্রাথমিক তালিকার অপেক্ষায় ছিলেন। দলে না থাকায় তিনি স্পেনের দ্বীপ ইবিজায় যান।

সেনেসি এখন তার ক্যারিয়ারের সেরা সময়ে আছেন। ইংলিশ ক্লাব বোর্নমাউথ থেকে টটেনহ্যামে নাম লিখিয়েছেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। চার মৌসুমে ম্যাচ খেলেছেন ১২৯টি। গোল করেছেন ৬টি। রক্ষণভাগে তার পারফরম্যান্সে ক্লাবটি ভালো অবস্থানে পৌঁছে ইউরোপা লিগে খেলার সুযোগও পেয়েছে। তার এই পারফরম্যান্সে বার্সেলোনার মতো বড় ক্লাবও আগ্রহ দেখায়। শেষ পর্যন্ত তিনি ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে যোগ দেন।

টটেনহ্যামে তিনি আরেক আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে সেন্টার-ব্যাকে জুটি বাঁধবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights