ইমরান খানের সঙ্গে দেখা করতে আইনজীবীকে অনুমতি

অনলাইন ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে দেখা করার অনুমতি পেয়েছেন আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার।

মঙ্গলবার সালমানকে এ অনুমতি দেওয়ার পাশাপাশি তাকে ‘আদালতের বন্ধু’ হিসেবে ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

আদালত জানিয়েছে, ‘ইমরান খানের বর্তমান বসবাস ও অবস্থার বিষয়ে একটি প্রতিবেদন চাওয়া হচ্ছে। এজন্য আইনজীবী সালমান সাফদারকে পিটিআই প্রতিষ্ঠাতার ব্যারাকে প্রবেশের সুযোগ দিতে হবে। এর মাধ্যমে তিনি প্রতিবেদন প্রস্তুত করতে পারবেন।’

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ইমরান খানের কারাবাসের পরিস্থিতি নিয়ে ওই প্রতিবেদন আগামীকাল বুধবারের মধ্যেই জমা দিতে হবে।

আদালত উল্লেখ করেছে, ২০২৩ সালের ২৪ আগস্টের আদেশ অনুযায়ী একটি প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছিল। তবে সেটি ছিল তখনকার সময়ের তথ্যের ভিত্তিতে। ওই সময় ইমরান খান ‘অ্যাটক’ কারাগারে ছিলেন। এ বিবেচনায় আদালত পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রেখেছে।

ইমরান খান দুই বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। কিছুদিন আগে তার চোখের অপারেশন করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর কারাবাস ঘিরে সরকার ও পিটিআইয়ের মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়েছে। ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে পিটিআই সমর্থকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সূত্র: জিও নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights