ইরান-ইসরায়েল সংঘাতে ‘ঘি ঢাললেন’ ট্রাম্প : চীন
অনলাইন ডেস্ক
ইরান ও ইসরায়েলের মধ্যে বেড়ে চলা সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ‘আগুনে ঘি ঢালা’ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে চীন। খবর আল-জাজিরার।
মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আগুন উসকে দেয়া, ঘি ঢালা, হুমকি দেয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না, বরং কেবল সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে।
তিনি আরও বলেন, চীন সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলের ওপর যাদের বিশেষ প্রভাব রয়েছে, তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে। যেন অবিলম্বে শান্তি রক্ষায় পদক্ষেপ নেয়া হয় এবং এই সংঘাত ছড়িয়ে পড়া রোধ করা যায়।
এদিন চীনের ইসরায়েলস্থ দূতাবাসও দেশটির নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল-ইরান সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর চীনা নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগ করা উচিত।
