ইরান যুদ্ধের জেরে পেছালো ট্রাম্পের চীন সফর
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর পেছানো হয়েছে। পরিবর্তে আগামী মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প।
এই সফর এপ্রিল মাসেই হওয়ার কথা ছিল। ২০১৭ সালের পর বিগত ৮ বছরের মধ্যে এটি হতে যাচ্ছে ট্রাম্পের প্রথম চীন সফর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ট্রাম্পের পোস্ট অনুযায়ী, তিনি ১৪ ও ১৫ মে বেইজিং সফর করবেন। এরপর চীনের নেতা শি জিনপিংকে তিনি ওয়াশিংটনে আমন্ত্রণ জানাবেন। ট্রাম্প বলেন, আমাদের প্রতিনিধি ঐতিহাসিক সফরের প্রস্তুতি সম্পন্ন করছেন। আমি শি জিনপিংয়ের সঙ্গে সময় কাটানোর জন্য মুখিয়ে আছি।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত চীনের দূতাবাস থেকে এই সফর সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
সফরের মূল লক্ষ্য হচ্ছে- এশিয়া-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন। তবে ইরান যুদ্ধ এবং ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
দুই নেতার আলোচনায় সম্ভাব্য বিষয়বস্তু সম্পর্কে যা জানা গছে তা হলো- কৃষি এবং বিমান খাতে বাণিজ্যিক সহযোগিতা, তাইওয়ান নিয়ে উত্তেজনা প্রশমন এবং ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি সম্পর্কিত বৈশ্বিক তেল নিরাপত্তা। সূত্র: দ্য গার্ডিয়ান
