ইলিশের আকালে বিপাকে বরিশালের জেলে-শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ভরা মৌসুমেও বরিশালের নদনদীতে নেই ইলিশের দেখা। চাহিদা মতো ইলিশ না মেলায় নিস্তেজ হয়ে পড়েছে পোর্ট রোডের মৎস্য মোকাম। যার কারণে জেলে, আড়ত শ্রমিক ও পরিবহন খাতসহ বরিশালের মৎস্য অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নগরীর পোর্ট ইলিশ মোকাম ঘুরে দেখা গেছে, মাত্র চারটি দোকানে ইলিশ মাছ রয়েছে।
এদের মধ্যে সর্বোচ্চ কেজি সাইজের মাছ আছে। প্রতিটির দাম ৩ হাজার টাকা। ৯০০ গ্রাম সাইজের মাছ ২ হাজার ৭৫০ ও আধা কেজি সাইজের মাছ ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। হিজলার মান্দ্রা চর কুশরিয়ার জেলে নাগর খান বলেন, বর্ষা মৌসুমে মেঘনা নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত। এখন নদীতে গিয়ে খালি হাতে ফিরতে হয়। নৌকার ইঞ্জিনের তেলের টাকাও হয় না। বাধ্য হয়ে ১৫ দিন মাছ ধরতে যাই না। বর্তমানে কৃষি শ্রমিকের কাজ করছি। বিক্রেতা মাসুম মৃধা বলেন, ভরা মৌসুমেও নদীতে মাছ নেই। এ কারণে অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছেন, শ্রমিকরাও অন্য পেশায় ঝুঁকেছেন। হাজারের ওপরের বাজারে শ্রমিক ছিলেন। এখন ৫০-৬০ জন আছেন। মৎস্য কর্মকর্তাদের দাবি, নদীতে পলি জমে নাব্য কমে যাওয়া, নদীদূষণ, জলবায়ু পরিবর্তন এবং জাটকা নিধনে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা নদীর নাব্য ফিরিয়ে আনা, নতুন অভয়াশ্রম গঠন, দূষণ নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছেন।
