ঈদের দ্বিতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

অনলাইন ডেস্ক

ঈদের দ্বিতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। রবিবার সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে মানুষ ভিড় করছেন চিড়িয়াখানায়।

শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস আর বড়দের অবসর কাটানোর আনন্দে জমে উঠেছে পুরো পরিবেশ।

উৎসবমুখর আবহ নিয়ে অনেকেই জানিয়েছেন, ব্যস্ত জীবনের ফাঁকে ঈদের এই ছুটিটাই তাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সবচেয়ে বড় সুযোগ, যা হাতছাড়া করতেন চান না তারা।

তবে এই আনন্দের মাঝেও মধুর ভোগান্তি সঙ্গী হয়েছে তাদের। কারণ, আজ রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা এলাকার সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। যানবাহন না পেয়ে হাজারো মানুষকে হেঁটে যাতায়াত করতে হচ্ছে।

দর্শনার্থীরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ বসে থেকে অনেকে বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে নেমে যাচ্ছেন। প্রায় এক কিলোমিটার এলাকা হেঁটে তারা চিড়িয়াখানায় যাচ্ছেন।

মানুষের ঢল থাকায় যানজট নিয়ন্ত্রণে রাইনখোলা মোড় থেকে চিড়িয়াখানার দিকে যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। ফলে চিড়িয়াখানাগামী সব ধরনের দর্শনার্থীদের প্রায় এক কিলোমিটার পথ হেঁটে যেতে হচ্ছে।

অন্যদিকে চিড়িয়াখানা থেকে বের হওয়া লোকজনও যানবাহন পাচ্ছেন না। ফলে তারা হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights