ঈদের প্রথম দিনের প্রায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে
অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লক্ষ্যমাত্রা অনুযায়ী ঈদের প্রথম দিনের প্রায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, অবশিষ্ট বর্জ্যও দ্রুত সময়ের মধ্যে অপসারণে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন।
বৃহস্পতিবার রাতে নগর ভবনের শীতলক্ষ্যা হলে কোরবানির বর্জ্য অপসারণসংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রশাসক জানান, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ড ইতোমধ্যে শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে। বাকি চারটি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সেখানকার অবশিষ্ট বর্জ্যও সরিয়ে নেওয়া হবে।
ঈদের প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছিল ডিএসসিসি। এর আগে কার্যক্রম উদ্বোধনের সময় রাত ৯টার মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদ ব্যক্ত করেছিলেন প্রশাসক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিএসসিসি এলাকায় ঈদের প্রথম দিনে মোট ১ লাখ ১৮ হাজার ৭৮৯টি পশু কোরবানি করা হয়েছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় রাত ১২টার মধ্যে অপসারিত বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি।
এ ছাড়া সিটি করপোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলোর প্রায় ৬৫ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে বলে উল্লেখ করেন প্রশাসক।
সফলভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মো. আবদুস সালাম। একই সঙ্গে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে ভবিষ্যতেও সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেন তিনি।
