ঈদে ১০ জোড়া বিশেষ ট্রেন, রংপুরের ভাগে পড়েনি একটিও

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ঈদুল আজহা উপলক্ষে এবার ১০ জোড়া অর্থাৎ ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। তবে রংপুরের মানুষ এই বিশেষ ট্রেনের সুবিধা পাচ্ছেন না। এখানকার মানুষের ভরসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনই। যার টিকিট পাওয়া সোনার হরিণের চেয়ে দামি।

সূত্রে জানা গেছে, রেলওয়ের লালমনিরহাট ডিভিশন থেকে রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা, দ্রুতযান, দোলনচাপা, করতোয়া এক্সপ্রেস ও বাংলাবন্ধা এক্সপ্রেস। প্রতিদিন এসব ট্রেনে ৮ থেকে ১০ হাজার যাত্রী ঢাকাসহ বিভিন্নস্থানে যাতায়াত করেন। এসব ট্রেনের যাতায়াতে এমনিতেই টিকিট পাওয়া যায় না। এঅঞ্চলের মানুষ আশা করেছিল ঈদে হয়তো রংপুরের ভাগে একটি বিশেষ ট্রেন পড়বে। কিন্তু তা না হওয়ায় ট্রেনের নিয়মিত অনেক যাত্রীই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জানা গেছে, ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলোর মধ্যে এবার চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ট্রেন চলবে দুই জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল এক জোড়া, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল এক জোড়া, কক্সবাজার-চট্টগ্রাম রুটে কক্সবাজার ঈদ স্পেশাল এক জোড়া, ভৈরব বাজার-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল দুই জোড়া, জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল এক জোড়া ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পার্বতীপুর-দিনাজপুর রুটে এবং ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে গোর-এ-শহীদ ঈদ স্পেশাল ট্রেন দুই জোড়া চলবে। চাঁদপুর, দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেনগুলো ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরদিন থেকে ৭ দিন চলাচল করবে। শোলাকিয়া ঈদ স্পেশাল ও গোর-এ-শহীদ ঈদ স্পেশাল শুধু ঈদের দিন চলাচল করবে। পার্বতীপুর ঈদ স্পেশাল ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তিনদিন এবং ঈদের পরে ২১ থেকে ২৩ জুন পর্যন্ত তিনদিন চলাচল করবে।
রংপুর থেকে ট্রেনে নিয়মিত যাতায়াতকারি আবিদ করিম, অবির ইসলামসহ বেশ কয়েকজন যাত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ঈদের সময় এমনিতেই সড়ক পথে চাপ বাড়ে। ঢাকা থেকে রংপুরে আসতে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লেগে যায়। এঅবস্থায় ট্রেনেই ছিল নিরাপদ যাতায়াতের মাধ্যম। রংপুরের মানুষের কথা ভেবে একটি বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়ে তারা রেলমন্ত্রীর দৃষ্টি আর্কষন করেন।

রংপুর রেল স্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, রংপুরে এখন পর্যন্ত কোন বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights