ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পূর্ব বিরোধের জেরে ইমরান হোসেন সোহাগ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

​নিহত সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য এবং একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন। এ ছাড়াও তিনি জিয়া সাইবার ফোর্স, ঈশ্বরদী শাখার সেক্রেটারি ছিলেন।
​
স্থানীয়রা ও পুলিশ জানায়, রাতে সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী মাস্ক পরিহিত অবস্থায় অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। হামলার সময় গুলির শব্দও শোনা গেছে। ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।
​
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মাথার একটি অংশ গুরুতর আঘাতপ্রাপ্ত ও ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে।

​তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights