উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলের মানুষ। উপকূলীয় অঞ্চলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গাছপালা লাগালে তাপমাত্রা কমে আসবে, বৃষ্টির পরিমাণ বাড়বে। বিভিন্ন রোগবালাইসহ মহামারি কমিয়ে আনতেও আমরা ভূমিকা রাখতে পারব।

বুধবার বিকেলে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশজুড়ে বৃক্ষরোপণের মহোৎসব চলছে। অঞ্চলভেদে উপযোগী বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। এ পর্যন্ত সারা দেশে ৩ কোটি ৫ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আরও ২ কোটি গাছের চারা রোপণ করা হবে।

তিনি বলেন, বীজ সংগ্রহ করে সেই বীজ থেকে চারা তৈরি করা হচ্ছে। উপকূলীয় এলাকাজুড়ে ২ কোটি কেওড়া গাছ রোপণ করা হবে। তাহলে এ বছরেই আমাদের ৫ কোটির বেশি গাছ লাগানো হয়ে যাবে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তাই বৃক্ষরোপণের ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে উপকূলের মানুষকে রক্ষায় ম্যানগ্রোভ বন ও গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম বৃক্ষরোপণে আগ্রহী হয়ে উঠছে, যা পরিবেশ সুরক্ষার জন্য ইতিবাচক দিক।

অনুষ্ঠানে কোস্ট গার্ড সদর দপ্তর, ঢাকার কর্মকর্তা ক্যাপ্টেন মো. মেহেদী হাসান, কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর, মোংলার ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মহসিন রেজা এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights