উবার কিনবে না টেসলা: ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক জানিয়েছেন, রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার কেনার কোনো প্রয়োজন নেই তাদের। তিনি সাফ জানিয়েছেন, চালকবিহীন রাইডসেবা চালুর জন্য টেসলার নিজস্ব প্রযুক্তি ও সম্পদই যথেষ্ট।

ইলন মাস্ক জানান, টেসলা দুটি ধরনের চালকবিহীন গাড়ি বাজারে আনতে পারে—একটি হবে কোম্পানির মালিকানাধীন এবং অন্যটি সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত গাড়ি, যেগুলো টেসলা প্ল্যাটফর্মে ভাড়া দেওয়া যাবে।

এ বিষয়ে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন, ‘আমার ধারণা, টেসলার মালিকেরা তাদের গাড়ি ভাড়া দিলে যে অর্থ পাবেন, তা লিজের কিস্তির চেয়ে বেশি হতে পারে।’

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী মাসে যুক্তরাষ্ট্রের অস্টিন শহরে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে টেসলার রোবোট্যাক্সি সেবা। ‘এফএসডি আনসুপারভাইজড’ নামের স্বয়ংক্রিয় সফটওয়্যারে চালিত এসব গাড়িতে কোনো চালকের প্রয়োজন হবে না।

এ বিষয়ে মাস্ক বলেন, ‘শুরুর সপ্তাহে আমরা ১০টি গাড়ি নামাব। এরপর সংখ্যাটি ধাপে ধাপে বাড়িয়ে ২০, ৩০ ও ৪০ করা হবে। কয়েক মাসের মধ্যেই এ সংখ্যা এক হাজারে পৌঁছাতে পারে।’

প্রসঙ্গত, অ্যালফাবেটের মালিকানাধীন ওয়েমো এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফিনিক্স, অস্টিন ও আটলান্টা শহরে রোবোট্যাক্সি–সেবা দিচ্ছে। অন্যদিকে মোবাইলআই ও মে মোবিলিটির সঙ্গে অংশীদারত্ব করে চলতি বছরেই নিজেদের চালকবিহীন গাড়ি চালুর পরিকল্পনা করছে লিফট। টেসলার এই উদ্যোগ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিধিকে যেমন আরও বিস্তৃত করবে, তেমনি আয়ের নতুন উৎসও তৈরি করবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights