এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ ট্রাকচালকদের ভিসা

অনলাইন ডেস্ক

ফ্লোরিডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার জেরে বাণিজ্যিক ট্রাকচালকদের জন্য কর্মী ভিসা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

রুবিও লিখেছেন, “আমেরিকার সড়কে বিদেশি চালকদের ক্রমবর্ধমান সংখ্যা আমেরিকানদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং স্থানীয় ট্রাকচালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে।”

ফ্লোরিডার এক মহাসড়কে বেআইনিভাবে ইউটার্ন নিয়ে তিনজনকে হত্যার অভিযোগে অভিযুক্ত হন ভারতের নাগরিক হারজিন্দর সিং। তিনি অবৈধভাবে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর একটি ইংরেজি পরীক্ষায়ও অকৃতকার্য হন তিনি।

ঘটনার পর রিপাবলিকান নেতারা বিষয়টি রাজনৈতিকভাবে তোলেন। ফ্লোরিডার লেফটেন্যান্ট গভর্নর ব্যক্তিগতভাবে অভিবাসন এজেন্টদের সঙ্গে কথা বলে হারজিন্দর সিংকে প্রত্যর্পণ নিশ্চিত করতে ক্যালিফোর্নিয়ায় ছুটে যান। সিং ‘অবৈধভাবে’ বাণিজ্যিক লাইসেন্স পেয়েছিলেন এবং তিনি ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেন। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে এবং ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির বিপক্ষে অবস্থান নিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম-কে দায়ী করে জানায়, প্রশাসন জেনেশুনে হারজিন্দরকে লাইসেন্স দিয়েছে। তবে নিউজমের কার্যালয় জানায়, ট্রাম্প প্রশাসনের অধীনেই তাঁকে অনুমতি দেওয়া হয়েছিল এবং প্রত্যর্পণে ক্যালিফোর্নিয়া সহযোগিতা করেছে।

গত জুনে পরিবহনমন্ত্রী শন ডাফি নতুন নির্দেশিকা জারি করে বলেন, ট্রাকচালকদের ইংরেজি ভাষায় কথা বলতে হবে। এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা ইংরেজি ভাষার দক্ষতার শর্ত শিথিল করেছিলেন, যা ডাফি বাতিল করেছেন।

ফেডারেল পরিসংখ্যান বলছে, ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত ট্রাকচালকের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৭ লাখ ২০ হাজারে। বর্তমানে তারা মোট ট্রাকচালকের প্রায় ১৮ শতাংশ। এদের অর্ধেকের বেশি লাতিন আমেরিকা থেকে এলেও সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও পূর্ব ইউরোপ, বিশেষত ইউক্রেন থেকেও উল্লেখযোগ্যসংখ্যক চালক এসেছেন।

সূত্র: এক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights