এক মোটরসাইকেলে চারজন, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল একজনের
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সাংকেতিক পিলারে ধাক্কা লেগে জয় বর্মন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত সজীব বর্মন নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় বর্মন উপজেলার চকহরিহরপুর (শিমুলতলী) গ্রামের শ্রী নীলকমল ওরফে ফেলানুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আগ্রাদ্বিগুন বাজারে মোবাইল ফোন মেরামত শেষে একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয় বর্মন, সজীব বর্মন, জয় চৌধুরী ও জিৎ বর্মন। বাড়ি ফেরার পথে শিমুলতলী ব্রিজের পশ্চিম মাথায় পৌঁছালে এক ব্যক্তি ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ওই ব্যক্তিকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সাংকেতিক পিলারে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জয় বর্মন মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা সজীব বর্মন, জয় চৌধুরী ও জিৎ বর্মন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে সজীব বর্মনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জয় চৌধুরী ও জিৎ বর্মন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
