এনভিডিয়া প্রধানের গুপ্তচর বিতর্কে চীনে চিপ রফতানি নিয়ে নতুন চাপে ট্রাম্প

অনলাইন ডেস্ক
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর ব্যক্তিগত সম্পর্ক ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানি সীমিত করা উচিত কি না, তা নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক বিভাজন আরও স্পষ্ট হয়েছে।

অভিযোগ রয়েছে, এনভিডিয়ার সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ওই নারীকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় নিয়োগ দিয়েছিল বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমস খবর প্রকাশ করেছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগকে ভিত্তিহীন ও অনুমাননির্ভর বলে প্রত্যাখ্যান করেছে। অ্যালিস হুয়াংও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

এ ঘটনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করেছে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এফবিআইও খতিয়ে দেখছে।

দীর্ঘদিন ধরে চীনে উন্নত চিপ রফতানির ওপর বিধিনিষেধ শিথিলের পক্ষে অবস্থান নিয়ে আসছেন জেনসেন হুয়াং। তার যুক্তি, চীন কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) এগিয়ে যাওয়ার মতো সক্ষমতা ইতোমধ্যে অর্জন করেছে। বরং মার্কিন প্রযুক্তির বিস্তৃত ব্যবহার দেশটির প্রযুক্তিগত আধিপত্য ধরে রাখতে সহায়তা করবে।

তবে নতুন বিতর্কের সুযোগ নিয়ে চীনে চিপ রফতানিতে আরও কঠোর বিধিনিষেধের দাবি তুলেছেন মার্কিন আইনপ্রণেতারা। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও রিপাবলিকান সিনেটর জিম ব্যাংকস উন্নত এআই চিপ রফতানি তদারকিতে নতুন আইন পাসের আহ্বান জানিয়েছেন। এছাড়া চিপের অবস্থান শনাক্তের মাধ্যমে অবৈধ পাচার ঠেকাতে ‘চিপ সিকিউরিটি অ্যাক্ট’ পাসের দাবিও উঠেছে।

বিশ্লেষকদের মতে, জেনসেন হুয়াংয়ের ওপর তদন্তের প্রভাব পড়লে চীনে চিপ রফতানি সীমিত করার পক্ষের আইনপ্রণেতারা আরও শক্তিশালী অবস্থান পাবেন। তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ হয়ে চীনে উন্নত চিপ পৌঁছানোর ঘটনা যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights