এনভিডিয়া সিইওর সঙ্গে নাম জড়ানো এই অ্যালিস হুয়াং আসলে কে?
অনলাইন ডেস্ক
জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াং
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আলোচনায় এসেছেন অ্যালিস হুয়াং। মেগাস্পিড নামের সিঙ্গাপুরভিত্তিক একটি ডেটা সেন্টার কোম্পানির সাবেক এই প্রধান নির্বাহীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জনসমক্ষে খুব একটা তথ্য না থাকায় তাকে চীনা গোয়েন্দা মনে করার দাবি আরও জোরালো হয়েছে।
মার্কিন গোয়েন্দাদের ধারণা, অ্যালিস হুয়াং মূলত বেইজিংয়ের একজন গুপ্তচর। যুক্তরাষ্ট্রের উন্নত এআই চিপ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং চীনের জন্য এসব চিপ সহজলভ্য করার বিষয়ে এনভিডিয়াকে রাজি করাতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। মার্কিন কর্মকর্তারা মনে করেন, জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তবে চীন এসব অভিযোগ অস্বীকার করে একে শুধুই ‘মানহানির চেষ্টা’ বলে উড়িয়ে দিয়েছে।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, অ্যালিস হুয়াং ভালো ইংরেজি বলেন এবং বৈশ্বিক এআই চিপ শিল্পের শীর্ষ পর্যায়ে তার ভালো যোগাযোগ রয়েছে। মেগাস্পিড এখনো লিংকডইনে নিজেদের এনভিডিয়ার ‘প্রধান ব্যবসায়িক অংশীদার’ হিসেবে দাবি করে।
২০২৪ ও ২০২৫ সালে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসকে বেশ কয়েকবার দেখা যায়। ২০২৪ সালে তাইপেইতে একটি অনুষ্ঠানে তাদেরকে পাশাপাশি বসা অবস্থায় দেখা যায়। এর পরের বছর তাইপেইতে কম্পিউটেক্স টেক এক্সপোর একটি নৈশভোজের পর জেনসেন হুয়াংয়ের গালে অ্যালিসকে চুম্বন করতে দেখা যায় এবং পরে তারা একই গাড়িতে রেস্তোরাঁ ছাড়েন।
ছয় মাস আগে নিউইয়র্কভিত্তিক একটি শর্ট-সিলিং প্রতিষ্ঠান প্রথম তাদের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সম্প্রতি মার্কিন কর্মকর্তারাও একটি স্মারকলিপিতে তাদের প্রেমের বিষয়টি উল্লেখ করেছেন বলে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে। গত রোববার জেনসেন হুয়াং এক ই-মেইলে সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমা চান এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তদন্তে সহযোগিতার আশ্বাস দেন।
অ্যালিস হুয়াং বর্তমানে কোথায় আছেন, তা জানা যায়নি এবং তিনি কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেননি। মেগাস্পিডের সঙ্গে তার বর্তমান সম্পর্কও অস্পষ্ট। মে মাসে প্রতিষ্ঠানটির এক কর্মী দাবি করেছিলেন, অ্যালিস এখনো তাদের বস। এর আগে তার পেশাগত জীবন সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সিঙ্গাপুরের গণমাধ্যম স্ট্রেইটস টাইমস জানিয়েছে, মেগাস্পিড একসময় ‘সেভেনরোড ইন্টারন্যাশনাল’ নামে পরিচিত ছিল, যার সঙ্গে চীনের রাষ্ট্রীয় বিনিয়োগকারীদের সম্পর্ক ছিল।
গত বছরের শেষ দিক থেকে মেগাস্পিডের বিরুদ্ধে চীনের কাছে নিয়ন্ত্রিত চিপ সরবরাহের অভিযোগে মার্কিন সরকার তদন্ত করছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সিঙ্গাপুর কর্তৃপক্ষ তদন্তের সময় অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করলেও পরে তাকে ছেড়ে দেয়। এনভিডিয়াও এর আগে মেগাস্পিডকে নিয়ে তদন্ত করে উদ্বেগের কিছু পায়নি বলে জানিয়েছিল।
