এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ১৫ দিনে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ও ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন।

রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।

একই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন এবং নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন।

সংগঠনের তথ্যমতে, গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা ৩ দশমিক ৯৫ শতাংশ, প্রাণহানি ৩ দশমিক ০৭ শতাংশ এবং আহত ৯ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।

এবারও দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার প্রায় ৩৮ দশমিক ৮৩ শতাংশ।

সংগঠনটির দাবি, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, চালকের বিশ্রামহীনতা এবং ভাঙাচোরা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। এছাড়া ঈদে অতিরিক্ত যাত্রী চাপ ও যানবাহনের ত্রুটিও বড় ভূমিকা রেখেছে।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, ঈদকেন্দ্রিক স্বল্পমেয়াদি উদ্যোগ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আধুনিক গণপরিবহন ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর সড়ক নিয়ন্ত্রণ এবং চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করলেই দুর্ঘটনা কমানো সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights