এবার বল টেম্পারিং ইস্যুতে সরব হলেন অজি পেসার
অনলাইন ডেস্ক
বেশ কয়েক দিন ধরে দক্ষিণ আফ্রিকা সফরে আলোচিত বল টেম্পারিং ঘটনা নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। ঘটনার প্রায় সাত বছর পর স্যান্ডপেপার ইস্যুতে সাবেক অজি ক্রিকেটার উসমান খাজার একটি মন্তব্য ঘিরে বিষয়ট আবারও আলোচনার জন্ম দিয়েছে।
বাঁ-হাতি এই ক্রিকেটার দাবি করেন, স্যান্ডপেপার (কাগজ ঘষার শিরিষ কাগজ) ব্যবহারের বিষয়টি পুরো দলেরই জানা ছিল। তার ভাষ্যমতে, পোর্ট এলিজাবেথে (গেবেরহা) অনুষ্ঠিত আগের টেস্টেও এটি ব্যবহৃত হয়েছিল। খাজার বক্তব্যের পর তার সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নার তাকে সমর্থন জানিয়েছেন এবং তার দাবিকে ‘শতভাগ সঠিক’ বলে অভিহিত করেছেন। তবে এই ইস্যুতে এবার সরব হয়েছে অজি পেসার মিচেল স্টার্ক।
এই পেসার জানিয়েছেন, বল টেম্পারিং ঘটনায় ২০২১ সালে অস্ট্রেলীয় বোলারদের দেওয়া বিবৃতিতে তিনি এখনও অটল আছেন। ওই বিবৃতিতে বলা হয়েছিল, আমরা আমাদের সততা নিয়ে গর্ববোধ করি। নিউল্যান্ডসের বড় পর্দায় দৃশ্যগুলো দেখার আগ পর্যন্ত আমরা জানতাম না, বলের অবস্থা পরিবর্তনের জন্য কোনো বহিরাগত বস্তু মাঠে আনা হয়েছে।
স্টার্ক বলেন, খাজার দাবি নিয়ে যে আলোচনা হচ্ছে, সেদিকে আমি খুব একটা নজর দিইনি। স্বাভাবিকভাবেই, আট বছর আগের ঘটনার বিষয়ে এখন ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে। সেই সময় এবং পরবর্তী সময়ে আমাদের কঠোর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। আমি অন্য বোলারদের হয়ে কথা বলব না, তবে আমার নিজের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, আমার স্মৃতিতে এখনও সেটাই অটুট আছে।
এই বিষয়টি প্রকাশ্যে আসার পর খাজা বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছেন। এত বছর চুপ থাকার জন্য এবং এমন সময়ে এই দাবি তোলার জন্য, যখন তার লেখা বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। যদিও এই সাবেক ওপেনার তার দেরিতে স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছেন। তবে নিজের বক্তব্যের বিষয়ে স্টার্ক বলেন, বিষয়টি যেহেতু একটি বইয়ে এসেছে, তাই এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিরই।
বাঁ-হাতি এই পেসার বলেন, ২০২১ সালে আমরা যে বিবৃতি দিয়েছিলাম, তাতে বিষয়টি স্পষ্ট ছিল। মাঠে এমন কিছু আনা হয়েছে, সে সম্পর্কে আমরা অবগত ছিলাম না। আমি এই বিষয়টি এখানেই শেষ করছি। মাঠে যে এটি নিয়ে কারচুপি করা হয়েছিল, সে বিষয়ে আমরা অবগত ছিলাম না। কেপটাউনে বড় পর্দায় আমরা এটি প্রথমবারের মতো দেখতে পাই। খাজার বইয়ের বিষয়ে তিনি বলেন, আমি এটি পড়িনি এবং সম্ভবত পড়বও না; তাই এ ব্যাপারে উসমানই বিস্তারিত বলতে পারবে।
এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ বলেছিলেন, এই ঘটনা নিয়ে পুনরায় তদন্ত শুরু করার মতো যথেষ্ট জোরালো কোনো কারণ নেই। ওয়ার্নারের দাবির প্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন। ওয়ার্নার অভিযোগ করেছিলেন, ঘটনার পর সাক্ষাৎকার প্রক্রিয়াটি ছিল ‘তড়িঘড়ি করা এবং ত্রুটিপূর্ণ’। এছাড়া পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের সময় ব্যানক্রফট বা অন্য কোনো অস্ট্রেলিয়ান খেলোয়াড় স্যান্ডপেপার (কাগজ ঘষার শিরিষ কাগজ) ব্যবহার করেছিলেন খাজার এমন অভিযোগ অস্বীকার করেছেন স্টার্ক।
তিনি বলেন, কেপটাউনে থাকাকালীনই আমি প্রথম এ বিষয়ে জানতে পারি। বিষয়টি ব্যাখ্যা করার দায়িত্ব আমি সংশ্লিষ্ট লেখকের ওপরই ছেড়ে দিচ্ছি। স্টার্ক জানিয়েছেন, এই ইস্যুতে খাজার সাম্প্রতিক প্রকাশ্য মন্তব্যের পর থেকে তার সঙ্গে স্টার্কের কোনো কথা হয়নি। তবে খাজার সঙ্গে পুনরায় কথা বলার কোনো ইচ্ছা আছে কি না এমন প্রশ্নের জবাবে স্টার্ক বলেন, সেটি তার ওপরই নির্ভর করে।
