এবার মাউন্ট মাকালুর চূড়া ছুঁতে যাচ্ছেন বাবর
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
বিশ্বে আট হাজার মিটার বা এর চেয়ে বেশি উচ্চতার পর্বত আছে ১৪টি। এর মধ্যে চারটির চূড়াই ছুঁয়ে ফেলেছেন দেশের অন্যতম পর্বতারোহী বাবর আলী। পর্বত জয়ের নেশায় এবার তিনি শুরু করতে যাচ্ছেন, পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু অভিযান।
গ্রেট ব্ল্যাক ওয়ান বা কালো পাহাড় নামে খ্যাত নেপালের ঝুঁকিপূর্ণ মাউন্ট মাকালুর উদ্দেশ্যে আগামী ৭ এপ্রিল দেশ ছাড়বেন চট্টগ্রামের হাটহাজারীর এই বাসিন্দা।
মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে চূড়ায় আরোহণের আশা করছেন তিনি। এটি বাবরের পঞ্চম আট হাজার মিটার পর্বত অভিযান। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতের উচ্চতা ৮ হাজার ৪৮৫ মিটার। পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এই অভিযানের আয়োজন করছে।
রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে এক সংবাদ সম্মেলনে বাবার আলী বলেন, ‘বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের একটা তীব্র ও দীর্ঘ ইচ্ছা অনেকদিন ধরেই লালন করছি। ইতোমধ্যে সে লক্ষ্যে বেশ কিছুদূর এগিয়েছি। মাকালু সে পথে আরও একটি দৃঢ় পদক্ষেপ হতে যাচ্ছে। ক্রমান্বয়ে বাকি পর্বতগুলোর চূড়া ছুঁতে চেষ্টা করব।’
বাবর বলেন, ‘মাউন্ট মাকালু নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একটি পর্বত। এটি খাড়া ঢাল ও প্রচণ্ড বাতাসের জন্য বিখ্যাত। চতুর্মুখী পিরামিড আকৃতির স্বতন্ত্র এই পর্বত আরোহীদের ভালোই পরীক্ষায় ফেলে। সেই চ্যালেঞ্জটুকু নিতে আমি প্রস্তুত।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান, উপদেষ্টা শিহাব উদ্দীন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল।
জানা গেছে, ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম আরোহণ করেন বাবর। ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে আরোহণ করেন। একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত আরোহণের কৃতিত্ব নেই আর কোনো বাংলাদেশি পর্বতারোহীর। ২০২৫ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আরোহণ করেন বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১। একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মাউন্ট মানাসলু।
