এলডিসি উত্তরণে তিন চ্যালেঞ্জ
আলী রিয়াজ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে মহাপরিকল্পনা নিয়েছে অর্থ মন্ত্রণালয়। জাতিসংঘ এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানোর পর এই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। এর অংশ হিসেবে সামষ্টিক অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করার সুযোগ হিসেবে দেখতে চাইছে সরকার। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে পরিকল্পনা জানিয়ে বিস্তারিত উল্লেখ করেছে অর্থ মন্ত্রণালয়। এই পরিকল্পনায় আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা বজায় রাখা, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি এবং আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানোই আগামী তিন বছরের মূল অগ্রাধিকার বলে জানানো হয়েছে। সরকার আশা করছে, ২০২৯ সালের চূড়ান্ত উত্তরণের আগে এই তিন বছরের রূপরেখা যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তবে তা বাংলাদেশের অর্থনীতিকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের এই তিন বছরের মহাপরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখলেও বাস্তবায়নের চ্যালেঞ্জ তুলে ধরেছেন। শুধু নীতিপত্র তৈরি করাই যথেষ্ট নয়। রাজস্ব আদায়ের প্রশাসনিক সংস্কার এবং খেলাপি ঋণ আদায়ে কঠোর রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সামষ্টিক অর্থনীতির এই লক্ষ্যগুলো অর্জন করা কঠিন হবে।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে বিদ্যমান শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা হারাতে পারে, যা তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য রপ্তানি খাতে নতুন চাপ তৈরি করবে। একই সঙ্গে বিশ্ববাজারের অস্থিরতা, ডলার সংকট এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতি সামষ্টিক অর্থনীতিকে চাপে রেখেছে। এই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় আগামী তিন বছরের জন্য তিনটি প্রধান অর্থনৈতিক সূচকে দৃশ্যমান অগ্রগতির লক্ষ্য নির্ধারণ করেছে।
রাজস্ব আদায়ে আমূল পরিবর্তন : জিডিপির তুলনায় বাংলাদেশ রাজস্ব সংগ্রহের হারে বৈশ্বিক গড় থেকে অনেক পিছিয়ে রয়েছে। নতুন রূপরেখায় অহেতুক কর ছাড় ও অব্যাহতি সুবিধা পর্যায়ক্রমে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অটোমেশনের মাধ্যমে ভ্যাট পরিপালন নিশ্চিত করা এবং কর ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তদারকি ব্যবস্থা পুনর্গঠন করা হবে। ব্যাংকিং খাতের খেলাপি ঋণ নিয়ন্ত্রণ : দেশের অর্থনীতির বড় খাত ব্যাংকিং সমস্যা জটিল প্রক্রিয়ার রয়েছে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি খাতে বেশির ভাগ ব্যাংক খেলাপি ঋণ ছাড়াও অভ্যন্তরীন চরম সংকটে রয়েছে। দাতা গোষ্ঠী ব্যাংক খাত নিয়ে সরকারকে সংস্কারের কথাও তুলে ধরেছে। ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরে অনিয়ম ও খেলাপি ঋণের চড়া চাপে রয়েছে। দাতা গোষ্ঠীর পরামর্শে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে সমন্বিত উদ্যোগ নিয়েছে। যার লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে ব্যাংকগুলোর ব্যালেন্স শিট পরিষ্কার করা, খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত এবং সুশাসন প্রতিষ্ঠা করা।
রপ্তানি বহুমুখীকরণ ও শুল্ক সুবিধা : শুল্কমুক্ত সুবিধা পরবর্তী সময়ে রপ্তানিতে যে ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, তা কাটাতে দেশীয় শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইইউ ও অন্যান্য উন্নয়ন অংশীদারদের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য অবকাঠামো উন্নয়ন এবং লজিস্টিক সেবার মান বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘের বর্ধিত তিন বছরের বাড়তি সময় কেবল একটি বিরতি নয়। এটি অর্থনীতিকে ভিতর থেকে শক্ত করার একটি সুবর্ণ সুযোগ। বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হলে অভ্যন্তরীণ আর্থিক শৃঙ্খলা এবং সুশাসন নিশ্চিত করতেই হবে।
জানতে চাইলে সিপিডির সম্মানীত ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, অতিরিক্ত তিন বছর দেশের অর্থনীতির মৌলিক ভিত্তি শক্তিশালী করা, উৎপাদনশীলতা বাড়ানো এবং উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন রপ্তানি সক্ষমতা গড়ে তোলার কাজে লাগাতে হবে।
চীন ধীরে ধীরে সাধারণ পোশাক উৎপাদন থেকে সরে এসে উচ্চমূল্যের ও প্রযুক্তিনির্ভর শিল্পের দিকে ঝুঁকছে। ফলে বাংলাদেশের সামনে বৈশ্বিক পোশাক বাজারে বড় অংশ দখলের সুযোগ রয়েছে। বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগিতামূলক সুদহারে ব্যাংকঋণ, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। বড় ব্যবসায়ী গোষ্ঠীর পাশাপাশি অতিক্ষুদ্র, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্যও নীতিগত সহায়তা বাড়াতে হবে। সক্ষমতা বাড়াতে লক্ষ্যভিত্তিক অর্থায়ন সুবিধা, ব্যাংকিং সেবা সহজ করা এবং টেকসই জ্বালানি মূল্যনীতি নিশ্চিত করতে হবে।
