ওএমএসের চাল কিনতে গিয়ে বাড়ি ফেরা হল না রোজিনার

কালিয়াকৈর প্রতিনিধি

অভাবের সংসারের জন্য বৃহস্পতিবার সকালে কম মূল্যে ওপেন মার্কেট সেল (ওএমএস)- এর চাল কিনতে গিয়ে বাড়ি ফেরা হল না রোজিনা বেগমের (৬১)। সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় মৃত্যু হয় তার।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় ঘটনাটি ঘটে।

রোজিনা বেগম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভোলুয়া গ্রামের মৃত আইয়ুব সিকদারের স্ত্রী।
নিহতের স্বজন ও হাইওয়ে পুলিশ জানায়, উপজেলার ভোলুয়া গ্রামের বাসিন্দা আইয়ুব সিকদার মারা যাওয়ার পর তার স্ত্রী রোজিনা বেগম কালামপুর এলাকায় বসবাস করতেন। পরিবারে আয় রোজগার কম থাকায় মেয়ের জামাইয়ের টাকা দিয়ে সংসার চালাতেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চন্দ্রা জোড়াপাম্প এলাকায় ৩০ টাকা কেজি দরে ওএমসের চাল কিনতে যান তিনি। যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হতে গেলে গাজীপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের নাতি রাব্বি হাসান জানান, তার নানী কালামপুর এলাকায় একাই বসবাস করতেন। সকালে তিনি ওএমএসের চাল কিনতে গিয়েছিলেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ িঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights