ওপেনএআইয়ের ‘ভুলে’ ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার অনুপ্রবেশ

অনলাইন ডেস্ক

গত সপ্তাহে সাইবার বিশ্বে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল ওপেনএআই। তারা জানায়, নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ক্ষমতা পরীক্ষা করতে গিয়ে ভুলবশত ‘হাগিং ফেস’ নামের একটি প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করেছে তাদের এআই। তবে মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সেই একই ‘উচ্ছৃঙ্খল’ এআই মডেল এবার ‘মোডাল’ নামের দ্বিতীয় আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমও হ্যাক করেছে।

ডেভেলপারদের ক্লাউড প্ল্যাটফর্ম মোডালের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অক্ষত বুবনা এক বিবৃতিতে জানান, ওই গ্রাহকের জন্য মোডাল একটি বিচ্ছিন্ন টেস্টিং এনভায়রনমেন্ট বা ‘স্যান্ডবক্স’ পরিচালনা করছিল। গ্রাহকটি একটি পাবলিক ইন্টারফেস উন্মুক্ত রেখেছিলেন, যার মাধ্যমে ইন্টারনেটের যে কেউ সেখানে কোড রান করতে পারত। ঠিক এই সুযোগটিই কাজে লাগিয়েছে ওপেনএআইয়ের ওই এজেন্ট। তবে মোডালের মূল প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

এর আগে হাগিং ফেস জানিয়েছিল, তৃতীয় পক্ষের একটি স্যান্ডবক্সে ঢুকে সেখান থেকেই বড় পরিসরে হামলা চালিয়েছিল ওপেনএআই সিস্টেম। এখন স্পষ্ট হলো, সেই নাম না জানা তৃতীয় পক্ষটি ছিল মূলত মোডালের গ্রাহক। তবে নতুন এই অনুপ্রবেশ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ওপেনএআই।

মূলত এআই মডেলের সাইবার দক্ষতা যাচাই করতে ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা বলয় বা ‘গার্ডরেল’ কমিয়ে পরীক্ষা চালাচ্ছিল ওপেনএআই। আর এতেই বিপত্তি ঘটে। পর্যাপ্ত সতর্কতা ছাড়া এমন আচরণের জন্য সাইবার বিশেষজ্ঞদের কড়া সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান নেটস্কোপের সিইও সঞ্জয় বেরির মতে, সাইবার হুমকি খুঁজতে গিয়ে ম্যালওয়্যারকে যথেচ্ছভাবে ছেড়ে দেওয়া অনুচিত। সঠিক স্যান্ডবক্সে রেখেই এমন পরীক্ষা চালানো উচিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights