কক্সবাজারে বাড়ছে ডেঙ্গু রোগী
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এর মধ্যে ২ হাজার ৫০৭ জনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তৈরি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। একই সময়ে জেলায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই রোহিঙ্গা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, ক্যাম্পগুলোতে ঘনবসতি, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বর্ষায় বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার প্রজননের সুযোগ তৈরি হচ্ছে। বর্ষা শেষের দিকে হলেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ক্যাম্পগুলোতে ডেঙ্গুু নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে টেকনাফে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলাটিতে ৩৩২ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৯৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া মহেশখালীতে ২৬৮ জন, চকরিয়ায় ২৬১ জন, উখিয়ায় ১৯৫ জন, কক্সবাজার সদর উপজেলায় ৯৫ জন, ঈদগাঁওয়ে ৫৮ জন, রামুতে ৫৩ জন, পেকুয়ায় ১৪ জন এবং কুতুবদিয়ায় ১৩ জন ডেঙ্গুু রোগী শনাক্ত হয়েছেন। পৌরসভা এলাকায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২২ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি সপ্তাহেই ক্যাম্পগুলোতে নতুন করে ১৩৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
