কঠোর সরকার, সতর্ক বিএনপি
শফিকুল ইসলাম সোহাগ
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার তৎপরতা মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে বিএনপি ও সরকার। এ ক্ষেত্রে রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ার কৌশল নিয়ে এগোচ্ছে ক্ষমতাসীন দলটি।
সরকারের তরফ থেকে আইনের কঠোর প্রয়োগ করে নাশকতাকারীদের গ্রেপ্তার, দেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত রাখা এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজপথে সক্রিয় থেকে জনজীবন স্বাভাবিক রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং একে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতার ছক রুখে দিতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও ক্ষমতাসীন দলটি। নিষিদ্ধ দলটির ঝটিকা মিছিল ও নাশকতার ধরন বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির পরিবর্তে এলাকাভিত্তিক কর্মসূচি দেওয়া কৌশল নিয়েছে বিএনপি।
এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিদিন ককটেল ফুটিয়ে, বোমাবাজি কিংবা জনমনে আতঙ্ক তৈরি করে শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন কখনোই সফল হবে না। তাঁর এই অপচেষ্টা রাজপথ এবং আদালতের কঠোর আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক ও প্রশাসনিকভাবে নস্যাৎ করবে বিএনপি ও সরকার। তিনি বলেন, অস্থিতিশীলতা বা নাশকতার পথ বেছে নিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে ও আইনি উপায়ে নস্যাৎ করা হবে।
বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির হাইকমান্ডের অবস্থান কঠোর। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে দলটির এ অবস্থান স্পষ্ট হয়েছে। গত ৯ নভেম্বর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা রাজপথে আছি এবং আমাদের রাজপথেই থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ এ ছাড়াও বিএনপির প্রতিটি বৈঠক থেকে নেতা-কর্মীদের রাজপথে সরব থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিশাল র্যালির মাধ্যমে শোডাউন করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকার পরিচালনার পাশাপাশি দেশের অর্থনীতি সচল রাখা ও জনজীবন বিঘ্নিত হতে না দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছে বিএনপি। নিষিদ্ধ আওয়ামী লীগ যদি গোপনে বা প্রকাশ্যে অস্থিতিশীলতা তৈরির কোনো চেষ্টা করে, তবে রাজপথেই রাজনৈতিকভাবে তা প্রতিহত করার বার্তা দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানের নির্দেশনার পর কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় অবস্থান করে অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কার্যক্রম পরিচালনা করছেন।
এলাকাভিত্তিক কর্মসূচি দিয়ে নাশকতা প্রতিহত করার পরিকল্পনা : আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ঝটিকা হামলা কিংবা গোপন অপতৎপরতা সব এলাকায় এক রকম নয়। তাই সারা দেশে কেন্দ্র থেকে একই ধরনের কর্মসূচি ঘোষণা না করে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি সাজানো হচ্ছে। যেসব এলাকায় নাশকতার ঝুঁকি বা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা বেশি, সেখানে স্থানীয় বিএনপির উদ্যোগে পথসভা, জনসংযোগ ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে-যাতে সাধারণ মানুষ আতঙ্কমুক্ত থেকে দৈনন্দিন কাজ ও ব্যবসাবাণিজ্য চালিয়ে যেতে পারে। বিএনপির হাইকমান্ডের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের প্রধান অগ্রাধিকারগুলো হলো অর্থনীতি ও বাজার সচল রাখা। এ ক্ষেত্রে বন্দর, কলকারখানা, পরিবহন যোগাযোগব্যবস্থা ও ব্যবসাবাণিজ্য যেকোনো মূল্যে স্বাভাবিক রাখা। জননিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সরকার কঠোর। এ ক্ষেত্রে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ বা সরকারি-বেসরকারি সম্পদে হাত দিলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। আইনি প্রক্রিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা।
শেখ হাসিনার ‘ডিসেম্বর ছক’ ও সরকারের কঠোর আইনি পদক্ষেপ : ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের শেখ হাসিনার ঘোষণার ব্যাপারে গোয়েন্দা তথ্য বলছে, দেশে নাশকতা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অর্থনৈতিক ও প্রশাসনিক গতি স্তব্ধ করার ছক কষেছে আওয়ামী লীগ।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের অস্থিতিশীলতা, সহিংসতা বা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না।
শৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি : আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও প্রচারণা মোকাবিলার লক্ষ্যে দেশব্যাপী যৌথ ও সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। সম্প্রতি রাজধানীর তুরাগসহ দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষে ব্যানার প্রদর্শন ও মাইকিং করে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক কর্মসূচির ছদ্মবেশে রাজপথে যেকোনো ধরনের অস্থিতিশীলতা, নাশকতা কিংবা জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অর্থনীতির গতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। সব মিলিয়ে, ডিসেম্বরের সম্ভাব্য নাশকতার আশঙ্কার বিপরীতে সরকার কঠোর আইনি পদক্ষেপে এবং বিএনপি রাজপথে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করে দেশের অর্থনীতি ও জনজীবন স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।
নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটে প্রভাব নেই : সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ কর্মসূচিতে গতকাল স্বাভাবিক ছিল রাজধানীসহ সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ, টায়ারে আগুন জ্বালানো এবং বিক্ষোভ মিছিলের চেষ্টা করলেও বিএনপির নেতা-কর্মী এবং প্রশাসনের সতর্কতায় তা ভেস্তে গেছে। সকাল থেকেই ঢাকার রাস্তায় গণপরিবহন, ব্যক্তিগত যানবাহন ও অফিসগামী ব্যক্তিদের চলাচল ছিল অন্য যেকোনো দিনের মতোই স্বতঃস্ফূর্ত। কোথাও বড় ধরনের পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রশাসনের কড়া নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ছিল। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে টহল দেয় এসআরবি ও বিশেষ স্ট্রাইকিং ফোর্স। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পুলিশকে নির্দেশনা দেওয়া আছে জানমালের ক্ষতি করে এমন কোনো ঘটনা শক্ত হাতে প্রতিহত করার জন্য। রাতের আঁধারে বাসে, দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন দেবে বা সরকারি সম্পতি নষ্ট করতে এসব যেন না হয় সে বিষয়ে বলা আছে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের কাছে নির্দেশনার বিষয়ে জানতে চাইলে বলেন, ডিসিদের সঙ্গে সমন্বয় মিটিং হয়। সেখানে নির্দেশনা দেওয়াই থাকে। এটা রুটিন ওয়ার্ক। জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের একজন যুগ্মসচিব বলেন, ‘কোনো জেলা থেকে তেমন কোনো বড় ঘটনার খবর পাইনি। ছোটখাটো ঘটনা যা উল্লেখ করার মতো নয়। আর ডিসিদের কাছে জেলার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে নির্দেশনা আছে। তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন।’
ঢাকার ডিসি ফরিদা খানম বলেন, ‘আমরা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে মানুষের কল্যাণে নিরাপত্তাব্যবস্থা যেন সুন্দর থাকে সে ব্যাপারে কাজ অব্যাহত আছে।’ অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া স্বাভাবিক। তবে সরকার এসব পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ২০২৪ সালের ২৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের অধীনে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।
