“কবিতা ও স্বপ্ন “
হাসিনা মরিয়ম
কবিতা কথা বলে,
যেভাবে মাটির ভিতর থেকে
বের হয়ে আসে ঘাস,
আকাশে ছড়িয়ে পড়ে আলোর ছটা,
সেভাবেই কবিতা কথা বলে..
জীবন বা জীবনবোধ থেকে কবিতার জন্ম,
কবিতা জন্ম দেয় এক সুন্দর সকালের,
ঘুমের আবেশ জড়ানো এক অনুভব স্নিগ্ধ সকাল,
শিশিরে ভিজে পায়ে হেঁটে বেড়ানো,
পাখির কলতানে মুখরিত চারিদিক
মাটির বুকে শিউলি ফুল ছড়িয়ে থাকা,
কলির ভিতর থেকে ফুটে আছে গোলাপ,
এই সবকিছুর মাঝেই কবিতার বসবাস,
কবিতা ছড়িয়ে দেয় এই পৃথিবীতে
এক নতুন উদ্দীপনার হিমেল অনুভূতি,
যেখানে বয়ে যায় নির্মল সুবাতাস,
কবিতা বাঁচিয়ে রাখে
এক সোনালী স্বপ্নকে..।
